বিবিপি নিউজ: ফের শহর কলকাতার রাস্তায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হল পচাগলা মৃতদেহ। ঘটনাস্থল কসবা। রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল একটি দামি গাড়ি। তার ভিতর থেকে বৃহস্পতিবার উদ্ধার হয় দেহটি। তবে দেহটি এখনও শনাক্ত করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। জানা গেছে, কসবার রাজডাঙা মেন রোডের ধারে বহু দিন ধরে একটি গাড়ি পার্ক করা ছিল। বৃহস্পতিবার সেই গাড়ি থেকেই পচা দুর্গন্ধ পান স্থানীয়েরা। তারাই কসবা থানায় খবর দিলে, পুলিশ গিয়ে গাড়ির ভিতরে সামনের আসন থেকে পচাগলা দেহ উদ্ধার করে। পরে লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসারেরাও সেখানে গিয়ে তদন্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাল রঙের গাড়িটির দরজা লক করা ছিল না। কাচও বন্ধ ছিল। সেটি চলাচলের অবস্থাতেও নেই। তাই বহু দিন ধরেই রাস্তার ধারে পড়েছিল বলে খবর। কী ভাবে তার ভিতরে ওই দেহ এল, তা খতিয়ে দেখছে পুলিশ। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা-ও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
