বিবিপি নিউজ: বুলগেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘন কুয়াশার কারণে মহাসড়কে একের পর এক যানবাহনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরকারের এক মন্ত্রী।
আল জাজিরার খবর অনুযায়ী,রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণসাগর উপকূলের বন্দরনগরী বুরগাসের সংযোগকারী সড়কে ইয়ামবোল শহরের কাছে দুর্ঘটনাগুলো ঘটে। এতে মহাসড়কটির উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিটিএর বরাতে ইয়ামবোল অঞ্চলের গভর্নর জর্জি চালাকভ জানিয়েছেন, আনুমানিক ৫০টি গাড়ি ও ট্রাক দুর্ঘটনার শিকার হয়। স্বাস্থ্যমন্ত্রী কাতিয়া ইভকোভা জানান, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। আহত ৪৬ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বুলগেরিয়া সফররত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকে ছিলেন। দুর্ঘটনার পর মঙ্গলবারের নির্ধারিত সরকারি কর্মসূচি বাতিল করেন তিনি। এ ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।
