বিবিপি নিউজ: আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি চার অ্যানাকোন্ডা। অনেকদিন ধরেই আসার কথা চলছিল। অবশেষে বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছল চারটি অ্যানাকোন্ডা।
এদিন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রাস ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে এই চারটি অ্যানাকোন্ডাকে আনা হল। আপাতত একমাস এদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। তারপরে চিকিৎসকরা সবুজ সঙ্কেত দিলে, একে একে চিড়িয়াখানায় তাদের জন্য যে ঘর করা হয়েছে, সেখানে সেগুলিকে ছাড়া হবে।
এদিকে, বন দপ্তরের মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার ব্রাত্য বসু আলিপুর চিড়িয়াখানায় যান। চিড়িয়াখানাকে আরও সাজিয়ে তোলার জন্য কী কী করা যায়, সেবিষয়েও কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করেন। এছাড়াও চিড়িয়াখানার আকর্ষন বাড়াতে আরও নতুন কী কী প্রাণী আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেবিষয়েও খোঁজখবর নেন তিনি।
বন দফতরের মন্ত্রী এদিন অ্যানাকোন্ডাগুলিকে দেখার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং স্টেট জু অথরিটির সঙ্গে বৈঠক করে। সার্বিকভাবে চিড়িয়াখানা পরিস্থিতি নিয়ে খোঁজ নেওয়ার পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
