বিবিপি নিউজ নেটওয়ার্কস: জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় প্রাণটাই খোয়াতে হয় সাংবাদিকদের। পরিসংখ্যানেও মিলছে সেই প্রমাণ। কেবল ২০১৮ সালেই বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন সাংবাদিক।
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।
২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে আইএফজে। এখন পর্যন্ত এক বছরে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২০০৬ সালে। এক বছরে মোট ১৫৫ জন সাংবাদিক নিহত হন সেবার। আইএফজের তথ্য অনুযায়ী, গত বছর সাংবাদিকদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ ছিল আফগানিস্তান।
শুধু হত্যা করা নয়, বছরজুড়ে অনেক সাংবাদিককে কারাবরণও করতে হয়েছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ২৫০ জন সাংবাদিককে বন্দি করা হয়েছে। তাঁদের মধ্যে তুরস্কে সর্বোচ্চ ৬৮ জন, চীনে ৪৭ জন, মিসরে ২৫ জন এবং সৌদি আরব ও ইরিত্রিয়ায় ১৬ জন সাংবাদিককে বন্দি করা হয়েছে গত বছর।
এছাড়াও এই তালিকা থেকে বাদ যায়নি ভারতও। সাংবাদিক নিগ্রহের ঘটনায় এগিয়ে ভারত সহ বাংলাদেশ ও মায়ানমার।
শুধুমাত্র আফগানিস্তানেই গত বছর ১৬ জন সাংবাদিক নিহত হন। এর মধ্যে রাজধানী কাবুলে একসঙ্গে নিহত হন ৯ জন সাংবাদিক। বোমা হামলার খবর সংগ্রহ করতে গিয়ে নিজেরাই প্রাণ হারান তাঁরা।
আমেরিকার মেরিল্যান্ডে ‘ক্যাপিটাল গেজেট’ পত্রিকা অফিসেও বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন পাঁচ সাংবাদিক।
এছাড়া মেক্সিকোতে ১১ জন, সিরিয়া ও ইয়েমেনে ৮ জন এবং ভারতে ৭ জন সাংবাদিক নিহত হন গত বছর। ২০১৮ সালের অন্যতম আলোচিত বিষয় ছিল সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড। তুরস্কে সৌদি দূতাবাসের ভিতরে তাঁকে খুন করে দেহ লুকিয়ে ফেলা হয়। খাসোগির এমন পরিণতির পিছনে সৌদি যুবরাজের হাত ছিল বলেও অভিযোগ রয়েছে।
