আন্দোলনরত ডাক্তারদের মঞ্চে বুদ্ধিজীবী মহল - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৪ জুন, ২০১৯

আন্দোলনরত ডাক্তারদের মঞ্চে বুদ্ধিজীবী মহল

বিবিপি নিউজ, নিজস্ব সংবাদদাতা,কলকাতা: রাজ্যজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক আশঙ্কাজনক ও সংকটাপন্ন অবস্থায় দণ্ডায়মান।ঘটনার ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত তার জট খোলেনি। গতকাল অর্থাৎ বুধবার থেকেই বুদ্ধিজীবীরাও সোচ্চার হয়ে উঠেছেন। বাংলার বর্ষিয়ান এবং স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ ও চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয়েছে তার তীব্র নিন্দা করেছেন এবং একটি চিঠি লিখে পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি লিখেছেন,"চিকিৎসক সমাজ নিরুপায় ভাবে সাময়িক কর্মবিরতির ডাক দিয়েছে। তাদের এই সিদ্ধান্ত নিতান্ত অগ্রাহ্য করার মতো নয়। কিন্তু তাদের একটু ভেবে দেখতে অনুরোধ করি যে, দুর্বৃত্তরাই এই সমাজের সম্পূর্ণটা নয়। দূর-দূরান্ত থেকে যেসব অসহায় রোগীকে নিয়ে তাদের পরিজনেরা আপনাদের কাছে এসে দাঁড়াচ্ছেন।তাঁরা অনেকেই চিকিৎসকদের আজ পর্যন্ত ঈশ্বরতুল্য জ্ঞান করেন।" এছাড়া বাংলার আরেক খ্যাতনামা কবি সুবোধ সরকার পরিবহ মুখোপাধ্যায় এর উপর যে হামলা হয়েছে তাকে 'বর্বর উল্লাস' বলে মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছেন।স্বনামধন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনি বলেছেন, "এমনিতেই স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতা এখানে। তার উপরে এমন অচলাবস্থা চলাটা ভয়ঙ্কর। কিন্তু সভ্য দেশের ডাক্তারদের উপরে বারবার হামলা হবেই বা কেন? তাদের বুঝিয়ে রাজ্য প্রশাসন এর সমাধান সূত্র বার করতে পারলে ভালো হতো। বিষয়টি হাতের বাইরে চলে যাক তা কখনোই চাইব না।"পাশাপাশি কবি জয় গোস্বামী, নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র এই ভয়ঙ্কর ঘটনায় মর্মাহত হয়েছেন।

আজ শুক্রবার আন্দোলনরত ডাক্তারদের মঞ্চে আরো কয়েকজন খ্যাতনামা বুদ্ধিজীবী গিয়েছিলেন যেমন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন, নাট্যকার ও অভিনেতা কৌশিক সেন,সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও বোলান গঙ্গোপাধ্যায় উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ডাক্তারদের এই মঞ্চে এসে তাদের কথা শোনার জন্য আবেদন করেন। অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেন বলেছেন,"হাতজোড় করে অনুরোধ করছি আপনি আসুন, কথা বলুন, এদের সমস্যা বোঝার চেষ্টা করুন, এরা যদি চলে যায়, তাহলে কি আমাদের উপকার হবে।সারা ভারতের ডাক্তাররা এদের পাশে দাঁড়িয়েছেন। এটা এমনি এমনি হয় না। আমরা বারবার অনুরোধ করছি আপনি একবার নিজের অবস্থান থেকে একটু সরে আসুন। কেউ যদি কিছু বলে থাকে, যাতে আপনার আঘাত লেগেছে, ক্ষমা করুন, আপনি তো বড়।"শিল্পী বোলান গঙ্গোপাধ্যায় বলেছেন, "দেশজুড়ে অসম্ভব কঠিন সময় চলছে। বাংলার অবস্থা আরো ভয়াবহ। মাৎসন্যায় চলছে রাজ‍্যে।" পাশাপাশি নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন অবশ্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন।তিনি বলেছেন, "প্রশাসনকে বুঝতে হবে আপনারা ছাড়া চলবে না।এটা আমরা সবাই বুঝতে পারছি। এনাফ ইজ এনাফ, সরকার যদি পরিকাঠামোর উন্নতি না করে ক্লাবকে টাকা দিতে থাকে তাহলে চলবে না।" পাশাপাশি তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, "দরকার হলে শিল্পের জন্য কাজ করতে হবে না, সেই টাকা চিকিৎসায় দিন।ফিল্ম ফেস্টিভ্যাল' বন্ধ করুন এক বছর।"

 তাই সর্বস্তরের মানুষ যখন চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে নানান মন্তব্য করছেন তখনও কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত গুটিয়ে বসে থাকবেন।আর সেই বিষয় নিয়েই কিন্তু সরগরম হয়েছে রাজ্য রাজনীতি সহ রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Pages