বিবিপি নিউজ নেটওয়ার্কস: বাইরের খাবার নিয়ে এবার থেকে বিমানে উঠতে পারবেন না পাইলটরা। শীঘ্রই এই নিয়ে নির্দেশিকা জারি করতে চলেছে এয়ার ইন্ডিয়া। দিনকয়েক আগে টিফিনবক্স ধোয়া নিয়ে এক পাইলটের সঙ্গে কেবিন ক্রুদের ঝামেলা হয়। এরপর, এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিয়ম চালু করতে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, সমস্যার সূত্রপাত গত সোমবার বেঙ্গালুরু থেকে কলকাতাগামী একটি বিমানে। সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু পাইলটের সঙ্গে ক্রুদের ঝামেলার জেরে বিমানটি ছাড়তে ২ ঘণ্টা দেরি হয়। জাতীয় বিমান সংস্থার এক আধিকারিক বলেন, তদন্তে নেমে আমরা জানতে পেরেছি, বিমানের পাইলট খাবার খাওয়ার পর ক্রুদের বলেন তাঁর টিফিন বক্স ধুয়ে দিতে।
এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ প্রমাণ হলে কড়া শাস্তি দেওয়া হবে। অন্যদিকে, ইতিমধ্যেই পাইলটদের বিমানে ‘স্পেশ্যাল মিল’-এর অর্ডার দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বার্গার, স্যুপ, স্মোকড স্যামন মতো মিল নয়, সংস্থার তরফে নির্ধারিত খাবারই পাইলটদের নিতে হবে।
