বিবিপি নিউজ: বিকালে লঙ্কা খেতে কাজ করে ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন একদল ক্ষেতমজুর। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎ-এর খুঁটিতে ধাক্কা মারে। খুঁটি ভেঙে তড়িতদাহ হয়ে প্রান হারালেন দুই নাবালক সহ ৯ জন শ্রমিক। আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার নাগালুপ্পালাপাডু ব্লকের রাপারলা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত ও আহতরা সকলেই মাচাভরম গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পিকা কোটেশ্বরম্মা (৫০), নপকাথোটি লক্ষম্মা (৬৫), কাকুমানু রামা দেবী (৫৫), কাকুমানু কুমারী (৪৫), কাকুমানুরামাশ্রী (৪০), গোল্লা রবিশংকর (২০), কাকুমানু শিবা (১৬), কাকুমানু মৌনিকা (১৬) এবং কাকুমানু অমূল্য (১৭)।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, রাপারলা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে উলটে যায় ট্র্যাক্টরটি। এর জেরে বিদ্যুতের তার ছিঁড়ে ট্র্যাক্টরের উপরে পড়ায় তড়িদাহত হন আরোহীরা।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান প্রকাশমের যুগ্ম জেলাশাসক মূরলী। তিনিই আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। নিহতদের পরিবারপিছু ৫ লাখ টাকা অনুদানও ঘোষণা করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।
