বিবিপি নিউজ: এবার করোনার থাবা হাওড়ার বৃহত্তম বস্তিতে। জানা গেছে ওই বস্তিতে কমপক্ষে ৩৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর জেরেই ঘুম উড়েছে প্রশাসনের। ইতিমধ্যেই ওই বস্তি এলাকা সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
জানা গেছে, হাওড়া জেলার বৃহত্তম ওই বস্তিতে কমপক্ষে ৩ হাজারের বেশি মানুষের বসবাস। এর জেরে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। প্রশাসন সূত্রে খবর, ওই বস্তির প্রায় ১৫০ জন কর্মী কাজ করেন হাওড়া পুরনিগমে। এরফলে ওই কর্মীদের এক জনের করোনার রিপোর্ট পজেটিভ আসে। এরপরে তার সংস্পর্শে আসা আরও ১৩০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হলে ৩৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই ওই এলাকা সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্তদের ফুলেশ্বরের সঞ্জীবন করোনা হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে ডুমুরজলা কোয়ারেন্টিন সেন্টারে।
