বিবিপি নিউজ: রাজ্যে ফের একবার আক্রান্ত পুলিশকর্মী। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে হাবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে গেলে অভিযুক্ত যুবক ও তার বাবা পুলিশের উপর চড়াও হয়ে মাথা ফাটিয়ে দেয়। ঘটনাটি উত্তর 24 পরগনা হাবরা থানার অন্তর্গত হাবড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কইপুকুর এলাকায়। অভিযুক্তদের গ্রেফতার করে বারাসত আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী অমিত রায় নামে এক যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য করেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন জনৈক তৃণমূলকর্মী। সেই অভিযোগের তদন্তে শুক্রবার রাতে অমিতকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে যান হাবরা থানার সাব-ইন্সপেক্টর রাখহরি ঘোষ। সঙ্গে ছিলেন কয়েকজন কনস্টেবল।
অভিযোগ, বাড়িতে গেলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত অমিত ও তাঁর বাবা। এর পর পুলিশকর্মীদের ওপর রড ও লাঠি নিয়ে হামলা চালানো হয় । রডের আঘাতে মাথা ফাটে রাখহরিবাবুর। আহত হন আরও এক কন্সটেবল। তাঁদের হাবরা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।শুক্রবার রাতেই রাতেই হাবরা থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে গ্রেফতার করে অভিযুক্ত অমিত রায় ও অমর রায় কে। ধৃতদের শনিবার বারাসত আদালতে তোলা হয়।
