বিবিপি নিউজ: চতুর্থ দফা লকডাউনের মাঝে রাজ্যের পরিবহন ব্যবস্থার হাল ফেরাতে লকডাউনর কার্যত ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অফিস-আদালত খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু মানুষ অফিসে পৌঁছবে কী করে? সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে বাস চালিয়ে লাভ নেই বলে বাস রাস্তায় নামাননি মালিকরা। ফলে ভরসা শুধু সরকারি বাস তাও হাতে গোনা। এই পরিস্থিতিতে শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে বাসে যাত্রী তোলা নিয়ে বিধিনিষেধ একেবারেই শিথিল করল মমতা সরকার।
এতদিন লকডাউনের মাঝে বাসে ২০ জনের বেশি যাত্রী তোলায় নিষেধাজ্ঞা ছিল। এবার তা বেশ কিছুটা বাড়িয়ে দিল সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, বাসে যতগুলো আসন ততজন যাত্রী তোলা যাবে। তবে যাত্রীদের জন্য মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী জানান, বাসে কোনও যাত্রীকে দাঁড়িয়ে সফর করানো যাবে না। সঙ্গে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মানতে হবে। তিনি আরও বলেন, কিছু জায়গায় বাসে অতিরিক্ত যাত্রী তোলার দাবিতে কনডাক্টরদের হেনস্থা করা হচ্ছে বলে খবর মিলেছে। এরকম হলে সেই রুটে বাস বন্ধ করে দেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রীর নতুন নিয়মে কিছুটা হলেও পরিবহন ব্যবস্থার হাল ফিরবে।
