বিবিপি নিউজ: সরকারি আধিকারিককে প্রকাশ্যে জুতো পেটা করলেন বিজেপি নেত্রী সোনালি ফোগাত। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
আজ শুক্রবার, সোনালি ফোগাত হরিয়ানার হিসারে একটি কৃষক বাজারে গিয়েছিলেন পরিদর্শনের জন্য। তাঁর কাছে বেশ কিছু কৃষকের অভিযোগ জমা পড়েছিল। সেই ব্যাপারে অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট মার্কেট কমিটির সদস্য সুলতান সিংয়ের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন সোনালি ফোগাত। অভিযোগ সেখানেই নাকি বিজেপি নেত্রীকে 'ড্রামেবাজ' বলে কটাক্ষ করেন ওই আধিকারিক। সরকারি আধিকারিকের এমন মন্তব্য মেজাজ হারান বিজেপি নেত্রী। মুহুর্তের মধ্যে চড়-থাপ্পড়ের পাশাপাশি পায়ের জুতো খুলে পেটাতে শুরু করেন। গোটা ঘটনা রেকর্ড হয়েছে মোবাইল ফোনের ক্যামেরায়।
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনালি জানান, তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করাতেই মেজাজ হারান নেত্রী।তাঁর কথায়, আমি বালসামন্দ মন্ডিতে ঢুকে ছিলাম মার্কেট কমিটির সেক্রেটারি সুলতান সিং ও বেশ কিছু কৃষকের সঙ্গে। সেখানে সঠিক ভাবে কাজ শুরু করানোটাই ছিল আমার উদ্দেশ্য। এরপর সুলতান সিং বলেন, আমি সুন্দরী মহিলা,আমার তাই কৃষকদের কথা ভেবে বাজারে ঘুরে বেড়ানো উচিত নয়। উনার কথা আমার সহ্য হয়নি।তাই আমি উনাকে মারধর করি। আমি ওই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছি'।
হিসারের ডেপুটি কমিশনর যোগিন্দর শর্মা জানিয়েছেন 'সোনালি ফোগাত এবং সুলতান সিং দুজনেই পুলিশে অভিযোগ দায়ের করেছে। আমরা গোটা বিষয়টা তদন্ত করে দেখব। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে'।
