সুশান্তের মৃত্যু মামলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য, গুজরাত থেকে গ্রেফতার BJP IT সেলের সদস্য - BBP NEWS

Breaking

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

সুশান্তের মৃত্যু মামলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য, গুজরাত থেকে গ্রেফতার BJP IT সেলের সদস্য



বিবিপি নিউজ: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অপরাধে গুজরাট থেকে গ্রেফতার হলেন ভারতীয় জনতা পার্টির আইটি সেলের এক সদস্য। শনিবার গুজরাতের রাজকোট থেকে বিজেপির আইটি সেলের সক্রিয় ওই সদস্যকে গ্রেফতার করল নাগপুর পুলিশ। ধৃতের নাম সমীত ঠাক্কর। 

শিবসেনার এক কর্মীর অভিযোগের ভিত্তিতে সমীতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ (মানহানির জন্য শাস্তি), ২৯২ (জনসমক্ষে এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করে সীতাবুলদি থানা। মুম্বই ভিপি রোড থানাতেও সমীতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। শিবসেনার আইনি পরামর্শদাতা ধরম মিশ্র অভিযোগ করেন, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা সংক্রান্ত বিষয়ে টুইটারে উদ্ধব ও আদিত্যকে এক মুঘল সম্রাটের সঙ্গে তুলনা করেছিলেন সমীত। একইসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধেও ‘আপত্তিজনক’ মন্তব্য করেছিলেন। রাজ্য সরকার ও শিবসেনা নেতাদের নিয়ে উপহাস করা হয়েছে বলে অভিযোগ করেন উদ্ধবের দলের আইনি পরামর্শদাতা। 

এরপরেই বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে গিয়েছিলেন সমীত। গত ২৮ অগস্ট সেখানে শর্তসাপেক্ষে অন্তবর্তীকালীন সুরক্ষাকবচ পেয়েছিলেন। হাইকোর্টের নাগপুর বেঞ্চ নির্দেশ দিয়েছিল, স্থানীয় পুলিশের সঙ্গে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। আর ১৩ অক্টোবর থেকে প্রতিদিন সন্ধ্যা ছ'টা থেকে আটটার মধ্যে সীতাবুলদি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপর ২০ অক্টোবর বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আরও একটি বেঞ্চে আবেদন দাখিল করেন সমীত। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘মনে হচ্ছে একদিকে আবেদনকারী অন্তর্বর্তীকালীন কবচ চাইছেন। অন্যদিকে তিনি মনে করছেন যে হাইকোর্টের শর্ত মানার প্রয়োজন নেই। তিনি মনে করছেন, কারোর সহায়তা ছাড়াই তিনি নিজের সাহায্য করতে পারবেন। যদি এটাই তাঁর আচরণ হয়, তাহলে বেঞ্চ মনে করে, এই আর্জি গ্রহণ করা উপযুক্ত হবে না।’ সেই আর্জি খারিজের পরই তৎপর হয় পুলিশ। রাজকোটে সমীতের উপস্থিতির খবর পেয়ে সেখানে যায় নাগপুর পুলিশের একটি দল। সেখানেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত তিনি বিজেপি আইটি সেলের সক্রিয় সদস্য। তাঁকে ট্যুইটারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলো করেন।


Pages