বর্ধমান স্টেশনে দুঃস্থদের মুখে অন্ন তুলে দিল মিলন পরিবার - BBP NEWS

Breaking

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বর্ধমান স্টেশনে দুঃস্থদের মুখে অন্ন তুলে দিল মিলন পরিবার



নিজস্ব সংবাদদাতা,বর্ধমান: নিত্যযাত্রীদের কোলাহল আর ট্রেনের হুইসেল উপেক্ষা করে বর্ধমান রেলওয়ে স্টেশনে দেখা গেল এক মানবিক চিত্র। শুক্রবার দুপুরে স্টেশনের চত্বরে আশ্রয় নেওয়া অসহায়, ভবঘুরে ও দুঃস্থ মানুষদের জন্য আয়োজিত হলো বিশেষ মধ্যাহ্নভোজের। মিলন পরিবারের উদ্যোগে প্রায় তিন’শতাধিক মানুষের পাতে তুলে দেওয়া হয় গরম পুষ্টিকর খাবার।



মিলন পরিবারের সদস্যরা জানান, স্টেশনে দিন কাটানো বহু মানুষের কাছে দু’বেলা পেটভরে আহার পাওয়া একপ্রকার অনিশ্চিত। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। মেনুতে ছিল গরম ভাত, ডাল, আলু তরকারি, মাংস এবং মিনারেল ওয়াটার।স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হয়।



 বয়স্কদের পাশাপাশি পথশিশুদের মুখেও খাবার তুলে দেন মিলন পরিবারের সদস্যরা। দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে খাবার পেয়ে খুশির ঝলক দেখা যায় উপস্থিত মানুষগুলির চোখে-মুখে। মিলন পরিবারের উদ্যোগে চিকিৎসক মহম্মদ সাবির বলেন, “আমাদের উদ্দেশ্য কেবল একদিনের খাবার দেওয়া নয়, বরং সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়া।


সমাজের প্রতিটি স্তরের মানুষ একটু এগিয়ে এলেই এদের জীবনে কিছুটা স্বস্তি আনা সম্ভব।”  এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলন পরিবারের পক্ষ থেকে, সাহিনা সুলতানা, কিসমত আনসারী, মাসুম কিবরিয়া, সাদিক হাসান, তুহিনা খাতুন সহ ৩৫ জন সদস্যরা। মিলন পরিবারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিত্যযাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।

Pages