তৃণমূল জমানার মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে ইডির তল্লাশি - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

তৃণমূল জমানার মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে ইডির তল্লাশি



বিবিপি নিউজ: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। মঙ্গলবার সাত সকালে কসবায় ইন্দ্রনীল সেনের বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। অভিযান চলছে প্রাক্তন মন্ত্রীর আত্মীয়দের বাড়ি সহ ১০ জায়গায়।


জানা গেছে দূর্গাপুজোর পুজো পরিক্রমার নামে ‘ভুয়ো পাস’ বিক্রি, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে মন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রীর কসবার বাড়ির পাশাপাশি হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক-সহ কলকাতার মোট ১০ জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকেরা। এর মধ্যে প্রাক্তন মন্ত্রীর আত্মীয়দের বাড়িও রয়েছে। হাইল্যান্ড পার্কে যে ঠিকানায় ইডি তল্লাশি শুরু করেছে, সেটি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়ি।


দুর্গাপুজোর আগে পুজো পরিক্রমার নামে ‘ভুয়ো পাস’ বিক্রি করা হত বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে গত জুন মাসে বউবাজার থানায় ইন্দ্রনীল এবং ‘মাস আর্ট’ নামে এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ‘ইউনেসকো’র নাম ব্যবহার করেও এই ‘ভুয়ো পাস’গুলি বিক্রি করা হত। দুর্গাপুজোর মুখে ‘ভুয়ো পাস’ বিক্রির মাধ্যমে প্রায় ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সন্দেহ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সেই সূত্র ধরেই মঙ্গলবার সকাল থেকে ইন্দ্রনীলের বাড়ি-সহ ১০ জায়গায় অভিযান শুরু করেছে ইডি। কলকাতার প্রায় ২৪টি দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর টিকিট বিক্রি করা হয়েছিল। ওই সংগঠনের মাধ্যমে ‘প্রিভিউ শো’-এর নামে ১৭৪৯-৫৪৯৯ টাকায় টিকিট বিক্রি করা হয়। দাবি করা হয়েছিল, ইউনেসকো ওই ২৪ টি পুজোমণ্ডপকে বাছাই করেছে। কিন্তু এখনও পর্যন্ত এই দাবির কোনও সত্যতা পাওয়া যায়নি বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।

Pages