বিবিপি নিউজ: উত্তর প্রদেশের হাথরাসের দলিত তরুণীর গণধর্ষণ করে খুনের ঘটনায় গোটা দেশবাসীর মনে এখনও দগদগে। এরই মধ্যে ফের গণধর্ষণের স্বীকার হলেন এরাজ্যের আদিবাসী মহিলা। এই ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বর্ধমানের কালনায়। স্বামীর অনুপস্থিতিতে গভীর রাতে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, দুষ্কৃতীদলে ছিলেন এক মহিলাও। আক্রান্ত বধূকে হাসপাতালে ভর্তি করে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ঘর থেকে কোনও কাজে বেরিয়েছিলেন মহিলা। আগে থেকেই বাড়ির সামনে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। মহিলা বেরোতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। গলায় ছুরি ধরে মুখ বেঁধে নিয়ে যায় নিরালায় জায়গায়। সেখানে মহিলাকে একে একে ৩ জন ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ, দুষ্কৃতীদের মধ্যে ছিলেন এক মহিলাও। তার সামনেই বধূকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। মহিলা জানিয়েছেন, বেশ কিছুক্ষণ নির্যাতনের শিকার হয়ে রাতের অন্ধকারে কোনও ক্রমে পালিয়ে বাঁচেন তিনি। তবে চোখ বাঁধা থাকায় দুষ্কৃতীদের কাউকেই দেখতে পাননি। মহিলা বাড়ি ফিরলে তাঁকে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন পরিজনরা। খবর যায় থানায়। ঘটনায় গণধর্ষণের ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
