বিবিপি নিউজ: রবিবার রাতে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কমিশনারেটের টিটাগড় থানার অদূরে গুলিবিদ্ধ হয়ে খুন হন বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লা। ঘটনার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই স্থানীয় তৃণমূল নেতা নজির খানকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।আজ বুধবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দাদের দাবি, মণীশ খুনে প্রত্যক্ষভাবে জড়িত নজির খান। এই নিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা সূত্রে খবর, মণীশ শুক্ল খুনের আগে এলাকায় নজরদারি চালিয়েছিল নজির খান। দুষ্কৃতীদের এলাকায় কোথায় কী ঘটছে তার বিস্তারিত বিবরণ লাগাতার দিয়েছিলেন তিনি। তবে হামলাকারীদের মধ্যে নজির ছিলেন কি না তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারেননি তদন্তকারীরা। রবিবার রাতে টিটাগড় থানার কাছে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্ল। ২টি বাইকে ৪ দুষ্কৃতী এসে মণীশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরদিন CID-কে ঘটনার তদন্তভার দেয় রাজ্য সরকার। মণীশ খুনে ইতিমধ্যে খুররম ও গুলাব শেখ নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ১৪ দিনের জন্য হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।
