বিবিপি নিউজ: প্রায় এক মাস জেল হেফাজতে থাকার পর আজ বুধবার (৭'ই অক্টোবর) শর্তসাপেক্ষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তাঁর চর্চিত গালফ্রেন্ড রিয়া চক্রবর্তী। তবে রিয়ার জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল করবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। জামিনে সাময়িক ভাবে স্বস্তি মিলেছে অভিনেত্রীর।
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তদন্ত মাদক কান্ডে গত ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে। এতদিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন বলিউড অভিনেত্রী। অবশেষে আজ বুধবার বোম্বে হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন। এরপরেই রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, 'মাননীয় বোম্বে হাইকোর্টে রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর হওয়ার রায়ে আমরা আনন্দিত। সত্য ও ন্যায়বিচার বজায় রয়েছে এবং শেষপর্যন্ত তথ্যের ভিত্তিতে (আমাদের) সওয়াল গ্রহণ করেছেন বিচারপতি সারাং ভি কোতওয়াল।' তবে এনসিবির তরফে স্পষ্ট করা হয়েছে, বোম্বে হাইকোর্টে জামিন মিললেও হাল ছাড়া হচ্ছে না। বরং সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়া হবে। সে বিষয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং জানিয়েছেন।
