বিবিপি নিউজ: করোনা ভাইরাসের জেরে যে সকল পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (অ্যাডভান্সড) দিতে পারেননি তাঁদের জন্য আরও একবার এই পরীক্ষায় বসার সুযোগ করে দিল IIT জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (JAB)। আজ মঙ্গলবার একটি জরুরি ভার্চুয়াল বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
IIT দিল্লি এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ও কন্টেনমেন্ট জোনে থাকার কারণে যে সকল পরীক্ষার্থীরা JEE (অ্যাডভান্সড) ২০২০ দিতে পারেনি। সেই সকল পরীক্ষার্থীদের সুযোগ করে দিতে বহু বিকল্প পথ নিয়ে বিস্তারিত আলোচনা করে JAB। তারপরই সিদ্ধান্ত হয় যে, সফল রেজিস্ট্রেশন করা যে সব ছাত্র পরীক্ষা দিতে পারেননি তাঁদের JEE (অ্যাডভান্সড) ২০২১ এ পরীক্ষা দেওয়ার আর একবার সুযোগ দেওয়া হবে। এ বছর নাম নথিভুক্ত করা প্রায় ৯০০০ শিক্ষার্থী JEE (অ্যাডভান্সড) এ বসতে পারেননি। JAB এর সিদ্ধান্তে এঁরা উপকৃত হবেন। সেই সঙ্গে JAB সিদ্ধান্ত নিয়েছে এই পরীক্ষার্থীদের JEE (মেন) ২০২১ এ বসার প্রয়োজন নেই। শুধুমাত্র JEE (অ্যাডভান্সড) ২০২১ এই বসবেন তাঁরা। আরও জানানো হয়েছে, বয়সের বিষয়টিও শিথিল করা হবে।
