বিবিপি নিউজ: ফের নৃশংস ঘটনার স্বাক্ষী রইল গোটা দেশবাসী। জমি বিবাদের জেরে খুন হলেন এক পুরোহিত। তার জেরেই সরগরম রাজস্থানের রাজ্য রাজনীতি। বুধবার কারৌলি জেলায় জমি নিয়ে বিবাদের জেরে কয়েকজন দুষ্কৃতি তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। সেই আঘাত থেকেই মৃত্যু হল বাবুলাল বৈষ্ণব নামে বছর ৫০-এর ওই পুরোহিতের। এই ঘটনায় পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। ঘটনায় অস্বস্তিতে পড়েছে রাজস্থানের গেহলট সরকার।
জানা গিয়েছে মন্দিরের জমির জবরদখল রুখতে গিয়ে দুষ্কৃতিদের চক্ষুশূল হন বাবুলাল। অভিযুক্ত কৈলাস মিনা ও তার সঙ্গীরা বুকনা গ্রামে অবস্থিত ওই পুরোহিতের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ ঝলসানো অবস্থায় পুরোহিতকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে জয়পুরে রেফার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারৌলির পুলিশ সুপার জানিয়েছে মন্দিরের আওতায় তিন একর জমি আছে কিন্তু সেখানে জবরদখল করতে চাইছিল অভিযুক্ত মীনা। কয়েকজনের জন্য এবং নিজের জন্য একটি বাড়ি তৈরি করতে শুরু করেন পুরোহিতমশাই। এরপরই পেট্রোল দিয়ে পুরোহিতের কুঁড়েঘর জ্বালিয়ে দেয় মীনা। পুলিশ সুপার আরও জানান যে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার খুনের অভিযোগ দায়ের করা হবে বলে জানান পুলিশ অফিসার মৃদুল কাচ্ছা। মৃত্যুর আগে পুরোহিত নিজের বয়ান দিয়ে গিয়েছিলেন বলে জানান পুলিশ। এই ঘটনা নিয়ে উত্তাল রাজস্থান। কেন রাহুল গান্ধী রাজস্থানে যাচ্ছেন না সেই প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ফাইভ স্টারে বসে থাকলে রাজ্যপাট চলবে কি করে, কটাক্ষ সাংসদ ও প্রাক্তন মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরের। সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিন্ধিয়াও। বিপাকে পড়ে টুইটারে মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন এরকম হিংসার কোনও জায়গা নেই রাজ্যে। মূল অভিযুক্ত ধরা পড়েছে ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
