বিবিপি নিউজ: নানা ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে শেষ হল ইস্ট–ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভমুখি সুড়ঙ্গের কাজ। শুক্রবার শিয়ালদহে নির্মিয়মান স্টেশনে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে সুড়ঙ্গ খননকারী যন্ত্র উর্বী। এর ফলে সুড়ঙ্গপথে জুড়ে গেল হাওড়া ময়দানের সঙ্গে ফুলবাগান। ফলে কলকাতা বাসীর কয়েক দশকের অপেক্ষার অবসান।
গত কয়েক দশকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে প্রকল্পের কাজের গুরুত্বপূর্ণ অংশ এদিন শেষ করলেন মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা। কখনো রাজনৈতিক স্বার্থ, কখনো ব্যক্তিগত প্রত্যাশা বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পের। ফলে বার বার থমকে গিয়েছে প্রকল্প। গত সেপ্টেম্বরে বউবাজার বিপর্যয়ের পর প্রকল্পের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যায়। আদালতের জট কাটিয়ে ফের এগোতে শুরু করে উর্বী। অবশেষে এই পর্বে শেষ হল তার যাত্রা। গত রবিবার শিয়ালদহ ফ্লাইওভারের নীচ দিয়ে সুড়ঙ্গ খোড়ার কাজ করে উর্বী। তার জেরে ৩ দিন বন্ধ ছিল বিদ্যাপতি সেতু। তার পরই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় শুক্রবার শেষ হবে এই পর্বে সুড়ঙ্গ খোড়ার কাজ। এদিন নির্মিয়মান স্টেশনে হাজির ছিলেন KMRCL ও ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্মীরা। মহাসমারহে উর্বীকে স্বাগত জানান তাঁরা। সুড়ঙ্গের কাজ শেষ হতেই মাটির নীচে ওড়ানো হয় জাতীয় পতাকা।
