![]() |
| সুব্রত ভট্টাচার্য |
শুধু আজ নয় ,প্রতিদিন প্রতিক্ষণে মিটমিট করে একফালি সোনালী রোদ আমায় ভেজায়
আমার মন প্রাঙ্গণে সুনীল শূণ্য অনুভব হৃদয়ে ,
অন্তহীন আকাশের তলায় -
নীরা ফুলগুলি এখনো ফোটে আমার কাছে তোমার কাব্য লোকে।
শাশ্বত তুমি সুনীল -
এখনো অনেক ভালোবাসা পরে আছে পৃথিবীর বুকে
তোমার !অগোছালো ভাবে ,
এখনো নীরার আঁচল খসে পড়ে ফাঁকা নীড়ে ,যৌবনের উপবনে ।
চাঁদ তারা ফুল নিয়ে সোনালী ডানার চিলেরা উড়ে যায় আকাশের পথ ধরে
দেবদাস হয়ে তুমি এখনও কি নীরার ভালোবাসার প্রেমের আতরে ভাসো? তোমার পিপাসিত মনে !
কতকাল হয়নি দেখা ,নতুন কবিতা আসেনি তোমার কলমে
হলুদ বিকালে স্মৃতির সরণি বেয়ে চেয়ে থাকি সুদূর ধূসরে
কাব্যের মাঝে দেখেছি আমি তোমায়
শ্রাবনের বৃষ্টির ধারায়
শব্দ চাষে নক্ষত্র সাধনায় ।
রাত্রির আকাশে তারারা জেগে আছে
রাত জাগা পাখিরা এখন ক্লান্ত
এখনো ঘুমাও নি সুনীল ?
তোমার কাব্য কি এখনো লেখা শেষ হয়নি ?
দেখে নাও শিমুল পলাশ ঠিক ফুটেছে কিনা ছন্দের লহরে।
তবে ,গল্প আজ লিখিনি ,
এটাই সত্যি ,মোরাম বিছানো গাঁয়ের পথ ধরে
রাইয়ের কণ্ঠে অন্তরা টুকু শুনে তোমায় নিয়ে লিখলাম কবিতা
শেষ সন্ধ্যায় দেবো তোমার হাতে তুলে
নদী তীরে ঘেয়া ঘাট বন্ধ থাকে যদি!
মন খেয়া বহে নিয়ে যাবো ওপারে ,
তোমায় দিয়ে আসবো -তোমায় নিয়ে লেখা আমার অলংকৃত-টিকাটি ।।
