বিবিপি নিউজ: বেজায় অস্বস্তিতে পড়েছে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। বলিউডের অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যুকে ঘিরে এখনও জল্পনা তুঙ্গে। এরই মাঝেই রিপাবলিকের বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন সুশান্ত বন্ধু তথা প্রযোজক সন্দীপ এস সিং। পাশাপাশি চ্যানেলের সম্পাদককেও নোটিস পাঠিয়েছেন তিনি।
গত ১৪ জুন অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই মূলত প্রচারের লাইম লাইটে আসেন প্রযোজক সন্দীপ। প্রথম থেকেই সুশান্ত এবং সন্দীপের বন্ধুত্বের কথা সবাই জানলেও সুশান্তের মৃত্যুর পরে অভিনেতাকে হত্যার জল্পনায় যাঁদের নাম উঠে এসেছিল , সেই তালিকায় চলে আসেন সন্দীপও। এবার এই সমস্ত জল্পনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন সন্দীপ। স্মিতা পারিখ , সুরজিৎ সিং রাঠোর প্রমুখ যাঁরা প্রকাশ্যে তাঁর নাম টেনে অসম্মান করেছেন , তাঁদেরও সবাইকে নোটিস পাঠাতে চলেছেন প্রযোজক। দাবি নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে পূর্বকৃত কাজের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অভিযুক্তদের। এছাড়াও প্রিন্ট মিডিয়া ,টেলিভিশন থেকে শুরু করে যাবতীয় গণমাধ্যম , ইন্টারনেট , নিউজ ওয়েবসাইট , সোশ্যাল মিডিয়া ইত্যাদি যেখানে যেখানে এই ভিত্তিহীন অসঙ্গতিপূর্ণ দাবি করা হয়েছে বা ইঙ্গিতের চেষ্টা করা হয়েছে , সেই সমস্ত কিছু অবিলম্বে মুছে ফেলতে হবে। সর্বোপরি তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। সংবাদ মাধ্যমের এহেন কার্যকলাপের দরুণ তাঁর ইমেজের যে ক্ষতি হয়েছে তা পূরণ স্বরূপ ২০০ কোটি টাকা দাবি করেছেন তিনি। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপের কথাও জানানো হয়েছে নোটিসে।এদিন সন্দীপ আরও দাবি করেন তাঁর বিরুদ্ধে লাগাতার অপপ্রচার বন্ধ করতে রিপাবলিকের তরফে নাকি তাঁর কাছে আর্থিক দাবিও করা হয়েছিল। এছাড়াও রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধেও ক্রমাগত তাঁর নামে অবমাননাকর উক্তি , চিৎকার করে কটু ভঙ্গিমায় তাঁর গ্রেফতারের দাবি জানান।
