বিবিপি নিউজ: গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। শহর কলকাতায় একশোর বেশি দামি স্মার্টফোন পাচারের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। বৃহস্পতিবার তালতলা এলাকা থেকে এক বাংলাদেশি–সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তালতলা থানার পুলিশি অভিযান চালায়।আলিমুদ্দিন স্ট্রিট থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৭টি অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই মোবাইল ফোনগুলির দাম ২০ লক্ষ টাকারও বেশি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এদিনের ঘটনায় ধৃত ওই বাংলাদেশি কোনও স্বীকৃত পাসপোর্ট ছাড়াই এ দেশে ঢুকেছে। কীভাবে এবং কোথা থেকে সে ভারতে ঢুকল তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তালতলা থানায় বিদেশি আইন–সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।
