বিবিপি নিউজ: বাড়ির কাছে ট্রাকের ধাক্কায় নিহত হলেন অসমের টিভি চ্যানেলর সাংবাদিক। ওই সাংবাদিককে পরিকল্পনা করে হত্যার অভিযোগ তুলল চ্যানেল কর্তৃপক্ষ। গত বুধবার রাতে তিনসুকিয়া জেলায় ১৫ নম্বর জাতীয় সড়কের উপরে নিজের বাড়ির কাছে তীব্র বেগে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হন প্রতিদিন টাইম চ্যানেলে কর্মরত সাংবাদিক পরাগ ভুঁইঞা(৫৩)।
জানা গেছে, বুধবার রাত ৮.৩০ মিনিট নাগাদ,কাকোপাথার থানার কাছে এই ঘটনায় গুরুতর জখম পরাগকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ডিব্রুগড়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। সাংবাদিক পরাগ ভুঁইঞা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জগদীশ ভুঁইঞার ভাই। তাঁর মৃত্যুতে এক বিবৃতি প্রকাশ করে প্রতিদিন টাইম চ্যানেলের তরফে অভিযোগ জানানো হয়েছে, গোড়ায় তদন্তের বিষয়ে ঢিলেমি দেখায় স্থানীয় পুলিশ। পরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের হস্তক্ষেপে ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের চাপে তারা পদক্ষেপ করে। সেই সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের দাবি, ‘আমাদের সন্দেহ, বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং আমরা এই মৃত্যুর সবিস্তারে অনুসন্ধান ও নিহতের পরিবার ও প্রতিদিন টাইম-এর জন্য সুবিচার চাই।’
