বিবিপি নিউজ: শনিবার সন্ধ্যা থেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ভাইরাল হয়েছে। টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবার সেই ভুয়ো পোষ্টের তালিকায় নাম লেখালেন বিজেপি সাংসদ অনুপম হাজরা।
এক ফেসবুক পোষ্টে অনুপম হাজার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুর খবর শেয়ার করেছেন। শনিবার রাতে সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের মধ্যে নেই বলে ফেসবুকে ঘোষণা করে দিয়েছেন বিজেপি সাংসদ অনুপম হাজরা। ফেসবুকে তিনি সৌমিত্রবাবুর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘নক্ষত্র পতন! আলোকময় দীপাবলীর রাত অন্ধকার করে চলে গেলেন আমাদের সকলের প্রিয় ফেলুদা!’আর এর জেরে যেমন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো সংবাদ ছড়াচ্ছে তেমনই এমন বিভ্রান্তমূলক পোস্ট নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
তবে হাসপাতাল সূত্রে খবর, অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গভীর কোমায় আচ্ছন্ন সৌমিত্রবাবু রয়েছেন ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে। কিন্তু হাসপাতালের তরফ থেকে রবিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনও দুঃসংবাদ দেওয়া হয়নি। কোনও চিকিৎসায় সাড়া না দিলেও হাসপাতালের তরফ থেকে সৌমিত্রবাবুর কোনও মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই এই ফেসবুক পোস্টকে ঘিরে বিজেপি নেতার দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ নিয়ে এত বিতর্ক হলেও রবিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ফেসবুক পোস্টটি মুছে দেননি বিজেপি সাংসদ। সোশ্যাল মিডিয়ায় অনুপমের এই বেপরোয়া পোস্টে অনেকেই তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।’ কেউ এটা লিখে প্রতিবাদ জানিয়েছেন যে, ‘জনপ্রতিনিধিদের কাছ থেকে এরকম মন্তব্য আসা করা যায় না।’ ‘এই ঘোষণা নিয়ে কোনও প্রতিযোগিতা চলছে না’— এ কথা লিখে বিজেপি সংসাদকে কটাক্ষ করেন এক ফেসবুক ব্যবহারকারী।
