বিবিপি নিউজ: ফের শহর কলকাতায় ফ্ল্যাট থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির পচাগলা মৃতদেহ। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার গিরিশ পার্ক থানা এলাকায়। মৃতরা হলেন বিশ্বজিৎ মিত্র ও শিপ্রা মিত্র বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে দম্পতির দেখা পাওয়া যাচ্ছিল না। তবে মঙ্গলবার সকালে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে। এরপরেই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। গিরিশ পার্ক থানার পুলিশকর্মীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে মৃতদেহ উদ্ধার করে। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে দম্পতির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তাঁরা আত্মঘাতী হয়েছেন না খুন করা হয়েছে তা নিয়ে সংশয়ে আধিকারিকরা। ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। দেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন পুলিশকর্তারা।
