বিবিপি নিউজ: আদি ও নব্য বিজেপির দ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছে বঙ্গ গেরুয়া শিবির। গত মাসে বর্ধমানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে হাতাহাতি, ইটবৃষ্টির মতো ঘটনায় পৌঁছায়। অভিযোগ ওঠে বিজেপির পার্টি অফিসে হামলা চালানোর। এরপরেই কয়েকজন বিজেপি কর্মীকে শোকজ করে দলীয় নেতৃত্ব। এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। বিজেপির বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানো হল সন্দীপ নন্দীকে। জানা গিয়েছে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশেই সরানো হয়েছে সন্দীপ নন্দীকে।তাঁর পরিবর্তে বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি হলেন অভিজিৎ তা। পাশাপাশি সন্দীপবাবুকে রাঢ়বঙ্গ জোনের বুথ ম্যানেজমেন্ট কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এদিকে, এই ঘটনায় নৈতিক জয় দেখছেন আদি বিজেপির কর্মী-সমর্থকরা। দলের ভাবমূর্তি যাতে ভোটের মুখে স্বচ্ছ থাকে তাই কুকর্মে যুক্ত বিজেপি নেতাদের নির্বাচনী প্রচারে না রাখার আবেদন জানিয়েছেন তাঁরা।
শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
