অসমের পর উত্তরপ্রদেশেও আসতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণের আইন,দ্রুত জনসংখ্যা নিয়ন্ত্রণের পরামর্শ আইন কমিশনের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

অসমের পর উত্তরপ্রদেশেও আসতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণের আইন,দ্রুত জনসংখ্যা নিয়ন্ত্রণের পরামর্শ আইন কমিশনের



বিবিপি নিউজ: দিন দিন জনবিস্ফোরণের মুখে পড়তে চলেছে দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ। আর এই বিষ্ফোরণ নিয়ন্ত্রণ করতে দ্রুত জনসংখ্যা নিয়ন্ত্রণের আইন নিয়ে আসতে চলেছে বিজেপি সরকার। আগেই বিজেপি শাসিত রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে আইনের কথা ঘোষণা করেছিলেন। এবার সেই পথে হাঁটলেন আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের সরকার। এই পরিস্থিতিতে এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে প্রত্যেক নাগরিকের কাছে ন্যূনতম পরিষেবা পৌঁছে দেওয়াটাও কঠিন কাজ হয়ে দাঁড়াবে। উত্তরপ্রদেশ আইন কমিশনের চেয়ারম্যান আদিত্য নাথ মিত্তল বলেন, “রাজ্যের জনসংখ্যা একেবারে জনবিস্ফোরণের পর্যায়ে পৌঁছে যাওয়ার কাছাকাছি চলে এসেছে। যার ফলে হাসপাতালের বেড, খাদ্যশস্য, রোজগার, মাথা গোঁজার জায়গা, সবকিছুতেই টান পড়বে। আমাদের মনে হয়, এখনই জনসংখ্যা বৃদ্ধির গতিতে রাশ টানা উচিত।” যদিও,উত্তরপ্রদেশের আইন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, কোনও নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়কে তাঁরা টার্গেট করতে চান না। তবে, যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকারকে সাহায্য করছে তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই নিশ্চিত করতে চাইছেন তিনি। যদিও, এ বিষয়ে সরকারিভাবে উত্তরপ্রদেশ সরকার কোনও মন্তব্য করেনি। 


Pages