বিবিপি নিউজ: টুইটারের ভারতীয় প্রধান মনিষ মাহেশ্বরীকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ। টুইটারে দেশের মানচিত্র বিকৃত অবস্থায় প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে একটি অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার তাকে আটকের খবর পাওয়া গিয়েছে।
টুইটারে সোমবার টুইপ লাইফ ওয়েবসাইটে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দেশের ম্যাপের বাইরে দেখানো হয়। এ ঘটনায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয় কেন্দ্রীয় সরকার। বিতর্কিত সেই ম্যাপ তড়িঘড়ি মুছে ফেলে টুইটার। কিন্তু তাতে বিপদ কমেনি। টুইটারের ভারতীয় প্রধান মনিষ মাহেশ্বরীর বিরুদ্ধে উত্তর প্রদেশে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দাখিল হয়। ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি সংশোধিত আইন অনুসারে মনিষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর আগে চলতি মাসেই মনিষ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর হয়েছিল গাজিয়াবাদে মুসলিম বৃদ্ধ নিগ্রহের ঘটনায়। এক মাসে জোড়া এফআইআর নিয়ে টুইটারের ভারতীয় প্রধান চাপে পড়েছিলেন। তা সামলে ওঠার আগেই মণীশ মাহেশ্বরীকে মঙ্গলবার আটক করল উত্তরপ্রদেশ পুলিশ।
বুলন্দশহরের সিনিয়র সুপারিন্টেডেন্ট অফ পুলিশ সন্তোষ কুমার সিং জানান, প্রবীণ ভাটি নামের আইনজীবি টুইটার কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর করেন। মহেশ্বরীর পাশাপাশি অমৃতা ত্রিপাঠী নামে আরেকজনকেও অভিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে টুইটারের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই সংঘাতপূর্ণ। গ্রিভেন্স অফিসার নিয়োগ নিয়ে টুইটারের সঙ্গে কেন্দ্রের সংঘাত শুরু। দেশের নয়া ডিজিটাল আইন অনুযায়ী টুইটারের রেসিডেন্স, গ্রিভেন্স ও কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও কেন্দ্রের হাতে তারা সে তথ্য পৌঁছায়নি।
