বিবিপি নিউজ: কিছুটা হলেও স্বস্তি মিলল গানওয়ালার। মহামারির আবহে তাঁর করোনা ভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে এই খবর প্রকাশ্যে আসবার পর থেকেই উদ্বিগ্ন সুমনের ভক্তরা। অবশেষে স্বস্তির খবর মিলেছে, করোনা রিপোর্ট নেগেটিভ সংগীত শিল্পী।এসএসকেএম-এর মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন শিল্পী।
রবিবার ভোররাতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় কবীর সুমনকে। ১০৩ নম্বর কেবিনে রয়েছেন ৭৩ বছর বয়সী শিল্পী। জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই গলা ব্যাথার সমস্যায় কাবু কবীর সুমন। রবিবার রাতে অবস্থা আরও খারাপ হওয়ার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তাঁকে নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকরা, ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা নেগেটিভ এলেও RTPCR টেস্টের রিপোর্ট অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে সেই রিপোর্টের ফলও নেগেটিভ। তবে কবীর সুমনের এক্সরে-তে শ্বাসযন্ত্রের কিছু সমস্যা ধরা পড়েছে। কবীর সুমনের সিওপিডির সমস্যা রয়েছে, এছাড়াও বার্ধক্যজনিত একাধিক অসুখ রয়েছে-তাঁর। শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
