মিলল না জামিন, সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতেই শাহরুখ পুত্র আরিয়ান - BBP NEWS

Breaking

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

মিলল না জামিন, সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতেই শাহরুখ পুত্র আরিয়ান

  


বিবিপি নিউজ: আইন যে সবার জন্য সমান তা ফের একবার প্রমান মিলল। শনিবার নাটকীয় কায়দায় এক বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা।ক্রুজে ‘রেভ পার্টি’-র আয়োজনের খবর দিন ১৫ আগেই পেয়েছিল এনসিবি তথা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই মতোই ঘুঁটি সাজিয়েছিল তাঁরা। অবশেষে যাত্রী সেজে ক্রুজে পৌঁছে সেখান থেকে বলিউডের বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টসহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। শনিবার গভীর রাতে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বি-টাউনে। আজ রবিবার আদালতে তুলে দু-দিনের রিম্যান্ড দাবি করেছিল এনসিবি, শাহরুখ পুত্রের একদিনের হেফাজত মঞ্জুর করল ম্যাজিস্ট্রেট কোর্ট।  জামিনযোগ্য ধারাতেই তারকাপুত্রকে গ্রেফতার করেছিল এনসিবি, কিন্তু বিস্তারিত তদন্তের জন্য আরিয়ানের ‘কাস্টডিয়াল ইন্টারোগেশন’-এর প্রয়োজন। সেই দাবি আদালতের সামনে রেখেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। আরিয়ান খান ও অপর দুই অভিযুক্তর দু-দিনের রিম্যান্ড দাবি করেছিল এনসিবি। অন্যদিকে আরিয়ানের তরফে সতীশ মানেশিন্দে অবিলম্বে আরিয়ানের মুক্তি দাবি করেন। দুই পক্ষের সওয়াল-জবাব শেষে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত আরিয়ান খানের একদিনের এনসিবি হেফাজত মঞ্জুর করেছে। এদিন আরিয়ান ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে। অপর দুই অভিযুক্তরও একদিনের এনসিবি হেফাজত মঞ্জুর হয়েছে। রবিবার বিকাল চারটে নাগাদ আরিয়ান খানকে গ্রেফতারির কথা জানায় এনসিবি। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে দুপুর ২টো নাগাদ গ্রেফতার করা হয়েছে শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলেকে। এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে। আরিয়ানের সঙ্গে মিলেছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা। ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস সঙ্গে ছিল আরিয়ানের। এদিন বিকালে জেজে হাসপাতালে মেডিক্যাল টেস্ট হয় আরিয়ানের। আপাতত এনসিবি হেফাজতেই থাকবে তারকা পুত্র।


Pages