বিবিপি নিউজ: আগামীকাল শনিবার কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দপ্তরে তলব করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যা রীতিমতো রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এখন বাঁকুড়ায় রয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সিবিআইয়ের নোটিস পান ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরেই সিদ্ধান্ত নেন কলকাতায় ফিরবেন। শনিবার সকাল ১১টায় সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার কথা অভিষেকের।
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে হাইকোর্ট।
গতকালের ওই নির্দেশের পর পশ্চিম বর্ধমান থেকে অভিষেক সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বলেন, তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তাঁর কোনও ভয় নেই। দরকারে একদিনের জন্য নব জোয়ার যাত্রা থামিয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। সেইসঙ্গে তিনি এও বলেন, নাগরিক হিসাবে তাঁর সামনে ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের দরজা খোলা রয়েছে। এদিন ডিভিশন বেঞ্চে ধাক্কা খান অভিষেক। তারপরেই এজেন্সির নোটিস যায় তাঁর কাছে। সেই নোটিশ এক ট্যুইট পোষ্টে জানিয়েছে অভিষেক।
