বিবিপি নিউজ: ঝড়ের সময় গিয়েছিল আম কুড়াতে। তারপর আর বাড়ি ফেরেনি। বুধবার সেই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পরিবার। মৃতের নাম নকুল হালদার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়া জেলার হাঁসখালির কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই প্রৌঢ়কে। আঙুল উঠছে শাসকদলের বিরুদ্ধে।
বছর ৬০ -এর নকুল পেশায় কৃষক। তিনি হাঁসখালির পিপুলবেড়িয়া গ্রামের বাসিন্দা। বিজেপির বুথ সভাপতি ছিলেন। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টি থামার পর কাছে একটি আমবাগানে আম কুড়োতে গিয়েছিলেন নকুল। কিন্তু তার পর কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর তিনি বাড়ি ফেরেননি। চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন তাঁরা। পরে তাঁরা খবর পান নকুলের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁরা।পরিবারের অভিযোগ, ঝুলন্ত অবস্থায় নকুলের পা দুটো ভাঙা ছিল। তাঁর বাড়ির লোকজনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে নকুলকে খুন করা হয়েছে। নকুলের ছেলের অভিযোগ, ‘‘বিজেপি করার জন্য বাবাকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।’’ তিনি অভিযোগ করেন তৃণমূলের দিকে।
