বিবিপি নিউজ: বহুমূল্যের ঘড়ি উদ্ধার খাস কলকাতায়। গোপন সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর মুম্বই আঞ্চলিক ইউনিটের আধিকারিকরা সম্প্রতি এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪টি হাই-এন্ড ঘড়ি উদ্ধার করেছেন। সবমিলিয়ে ঘড়িগুলির আনুমানিক বাজর মূল্য ৩০ কোটি টাকার বেশি।
জানা গেছে, এই ঘড়িগুলি যে অভিযুক্ত ব্যক্তির শুধু ‘শখের ঘড়ি কালেকশন’ নয়, তা তদন্ত করে জানতে পেরেছে পুলিশ ৷ কারণ বিদেশ থেকে এই দামি ঘড়িগুলি অবৈধভাবে দেশে আনত ওই ব্যক্তি বলে জানা গিয়েছে ৷ দামি ঘড়ির চোরাচালানের সঙ্গে ওই ব্যক্তি যুক্ত বলেই অনুমান তদন্তকারি অফিসারদের৷
সম্প্রতি সিঙ্গাপুর থেকে কলকাতায় আসার সময় ওই ব্যক্তির কাছ থেকে ‘Greubel Forsey’ ব্র্যান্ডের ঘড়ি উদ্ধার করেন কাস্টমস আধিকারিকরা ৷ যা অত্যন্ত দামি ঘড়ি হিসেবেই পরিচিত। কোনও কাস্টমস শুল্ক না দিয়েই অবৈধ ভাবে ওই দামি ঘড়িগুলি দেশে আনা হত বলে জানা গিয়েছে ৷
কাস্টমস ডিক্লরেশন ছাড়াই ওই ঘড়ি নিয়ে অভিযুক্ত বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ কিন্তু শেষপর্যন্ত ধরা পড়ে যায় ৷ এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়েও এমন কোটি কোটি টাকা দামের বিভিন্ন ঘড়ি উদ্ধার করেন তদন্তকারি অফিসাররা।
