বিবিপি নিউজ: গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে দিল্লির একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। নতুন করে ভারী বৃষ্টি শুরু হওয়ায় রাস্তা থেকে জল নামছে না। এই পরিস্থিতিতে জমা জলে ডুবে মৃত্যু হল এক তিন বছরের শিশুর।
ঘটনাটি ঘটেছে দিল্লির প্রেমনগর এলাকার একতা এনক্লেভে। স্থানীয়দের অভিযোগ, শনিবার রাতে খেলতে খেলতে আবাসনের বাইরে বেরিয়েছিল শিশুটি। বাড়ির সামনের রাস্তায় জল জমে ছিল এক হাঁটুর বেশি। সেই জলে তিন বছরের শিশুর শরীরের অধিকাংশই ডুবে গিয়েছিল।
পরে তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে শনিবার রাতে দিল্লির সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জানিয়েছে, এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হচ্ছে।
