বিবিপি নিউজ: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ যেন সঠিক হল বিজেপির সাংসদের হুমকিতে।
সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধীদের একপ্রকার হুমকির সুরে বলে দিলেন, 'চুপ করুন, নাহলে বাড়িতে ইডি চলে যেতে পারে।' গত বৃহস্পতিবার সংসদে দিল্লি সার্ভিসেস বিল নিয়ে আলোচনার সময় হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। সেসময়ই কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লির সাংসদ মীনাক্ষী লেখি বিরক্ত হয়ে উঠে বলেন,'এক মিনিট। চুপ করুন, চুপ করুন। শান্ত হন। নাহলে আপনাদের বাড়িতে ইডি চলে যেতে পারে।' কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যে তাহলে কি বিরোধীদের অভিযোগ সঠিক তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
বিরোধীদের অভিযোগ ছিল, কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী রাজনৈতিক দলের সাংসদ, মন্ত্রীদের ভয় দেখাচ্ছে, তদন্তের নামে হয়রানি করছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর সংসদে দাঁড়িয়ে হুমকিময় বক্তব্য যেন আগুনে ঘি ঢালার মতোই। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব বিরোধীরা। এনসিপি ক্লাইড ক্রাসটো সোজা বলে দিচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন। বিরোধীরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে আসছে, সেটাই প্রমাণিত হল। তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে বলছেন, এটা আসলে প্রকাশ্যে হুমকি। সংসদে দাঁড়িয়ে এভাবে ইডির নামে হুমকি দেওয়াটা নিন্দনীয়।
