কাকা বাবু- মুজফ্ফর আহমদ -এর ১৩৫ তম জন্মবর্ষ উদযাপনে প্রধান অতিথি সূর্যকান্ত মিশ্র - BBP NEWS

Breaking

বুধবার, ৯ আগস্ট, ২০২৩

কাকা বাবু- মুজফ্ফর আহমদ -এর ১৩৫ তম জন্মবর্ষ উদযাপনে প্রধান অতিথি সূর্যকান্ত মিশ্র

 


বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জী: ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা,কমিউনিস্ট আন্দোলনের সেরা পথিকৃৎ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী  মুজফ্ফর   আহমদ -এর ১৩৫ তম জন্মবর্ষ  উদযাপিত হলো অশোক নগরে।

এই উপলক্ষ্যে সি পি আই এম এর অশোকনগর শহর আঞ্চলিক কমিটির ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে চার পাঁচ এবং ছয় আগস্ট এই তিনদিন উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে শেরপুর মোরে সঙ্গীত, নৃত্য,আবৃত্তি কুইজ কনটেস্ট এবং অঙ্কন ইত্যাদি বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও রক্তদান শিবির এবং গাছের চারা বিতরণ করা হয়।


৬ ই আগস্ট রবিবার  সন্ধ্যায় মুজফ্ফর আহমদ এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, স্মারক বক্তৃতা, পুরস্কার বিতরণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গণসংগীত পরিবেশন করে ভারতীয় গণনাট্য সংঘের অশোকনগর পিপলস  কালচারাল শাখা অশোকনগরের প্রবীণ কমিউনিস্ট নেতা খগেন নন্দীকে জ্যোতি বসু  স্মৃতি স্মারক প্রদান করা হয়। এছাড়া এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে  সর্বোচ্চ নম্বর প্রাপ্ত স্থানীয় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।


 মুজফ্ফর আহমদ স্মারক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি  সি পি আই এম এর পলিট ব্যুরো সদস্য ডাক্তার সূর্যকান্ত মিশ্র। "বন্ধুর চেয়ে পার্টি বড়ো" কাকা বাবু মুজফ্ফর আহমদ এর বিখ্যাত উক্তি স্মরণ করে কাকাবাবুর জীবন আদর্শ তুলে ধরেন তিনি।  এদিনের আলোচ্য বিষয় ছিলো ভারতীয় গণতন্ত্র চ্যালেঞ্জের সম্মুখীন এই প্রসঙ্গে বলতে গিয়ে ডাক্তার সূর্যকান্ত মিশ্র কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত  সরকারের তীব্র সমালোচনা করেন। 


তিনি বলেন এই মুহূর্তে দেশের সব থেকে বড়ো বিপদ এই বিজেপির সরকার । জরুরী অবস্থার থেকেও এখন খারাপ পরিস্থিতি তৈরী হয়েছে। আমাদের দেশে অল্প কিছু লোকের হাতে অর্থনীতি কেন্দ্রীভূত হয়ে গেছে। নরেন্দ্র মোদিকে আদানি আর আম্বানির কাঁধে ভর করে হাঁটতে হয়। লুটেরা পুঁজিবাদ চলছে, আর এদের টাকায় বিজেপির সরকার চলছে।




কোভিডের সময় মানুষ যখন  নিঃস্ব হয়ে গেছে তখন আদানি আর আম্বানিদের পুঁজি কয়েকগুণ বেড়ে গেছে। প্রাকৃতিক সম্পদ বেসরকারি হাতে তুলে দিতে চাইছে এই সরকার। স্মার্ট ইলেকট্রিক মিটার চালু করে আরও এক ধরনের লুট করবার ব্যবস্থা করতে চাইছে। 



কমন সিভিল কোড এর নামে ধর্মীয় বিভাজন করতে চাইছে।  ভারতবর্ষের সকল বৈচিত্র্য শেষ করে দিতে চাইছে এরা। ইতিহাস ভুলিয়ে দেবার প্রচেষ্টা চলছে। এর পাশাপাশি এই রাজ্যের ফ্রী হোল্ড ল্যান্ড নীতির সমালোচনা করেন। বিজেপির সাথে তৃণমূলের সম্পর্কের বিষয়ে তিনি বলেন মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় এই রাজ্যে বিজেপির বাড় বাড়ন্ত হয়েছে । এই প্রসঙ্গে আরএসএস এর সাথে মমতা ব্যানার্জির সখ্যতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকারের পতন ঘটাতে পারলে এখানেও তৃণমূলের সরকারের  পায়ের তলার মাটি সরে যাবে। 




বিগত পঞ্চায়েত ভোটের  বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন তৃণমূল  মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। রাজ্যের শিক্ষা,  কয়লা, বালি ,  চাকরি দুর্নীতি,  প্রভৃতি বিভিন্ন বিষয়ের তীব্র সমালোচনা করেন। এবং দৃঢ় কন্ঠে তিনি জানালেন পশ্চিম বাংলায় নির্দিষ্ট পরিস্থিতিতে সিপিআইএম এর লড়াই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমানভাবে জারি থাকবে।


এদিন সবশেষে  মঞ্চে পরিবেশিত হয় নাটক "সূচি"। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বাবুল কর, সত্যসেবী কর, গোপাল দত্ত সহ সিপিআইএম এর অন্যান্য নেত্রী বৃন্দ।  এই সমগ্র অনুষ্ঠান ঘিরে সিপিআইএমের কর্মী সমর্থকদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Pages