বিবিপি নিউজ: সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন, আর ঠিক তাঁর আগেই তৃনমূল ছাড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। সাত বছর পর সেই জানুয়ারি মাসেই তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার এই সাংসদ।
আজ শনিবার তিনি দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পুরনো দলে যোগ দিলেন।
মৌসমের যোগদান কর্মসূচিতে দিল্লিতে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা সম্পর্কে মৌসমের দাদা ইশা খান চৌধুরী। মৌসম কংগ্রেসে ফিরে আসার পর সাংবাদিক বৈঠকে ইশা বলেন, “ওঁর রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যেও বিভাজন তৈরি হয়েছিল। আজকে সব বিভাজন ঘুচে গেল।”
ইতিমধ্যেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন মৌসম। তিনি জানিয়েছেন, রাজ্যসভার সাংসদপদ থেকেও ইস্তফা দেবেন। আগামী সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের দফতরে সেই চিঠি জমা দিতে যাবেন তিনি।
