বিবিপি নিউজ: রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার বছরের শেষ দিনে মুখ্যসচিব পদে বসলেন তিনি। এতদিন পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মনোজ পন্থ। ৩১ ডিসেম্বর অর্থাৎ বুধবারই মেয়াদ শেষ হয় তাঁর। এমনিও তিনি ৬ মাসের এক্সটেনশনে ছিলেন। এর আগে ৩০ জুন পর্যন্ত তাঁর পদে থাকার কথা ছিল। সেবার রাজ্য সরকারের চাওয়া এক্সটেনশনের অনুরোধে সায় দিয়েছিল কেন্দ্র।
রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসাবে কাজ করবেন মহিলা মুখ্যমন্ত্রীর অধীনে। সেদিক থেকে দেখতে গেলে রাজ্য প্রশাসনের মাথায় এবার দুই মহিলা। প্রসঙ্গত রাজ্যপালের প্রেস সচিব থাকাকালীন বিতর্কে জড়িয়েছিলেন ১৯৯৪-এর ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। সেই নন্দিনীকে আগে স্বরাষ্ট্র সচিব পদে বসান মুখ্যমন্ত্রী। এবার তাঁকে মুখ্যসচিব পদে আনা হল। নন্দিনীই রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব। তবে অবসরপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ পন্থকেও বড় পদে আনল সরকার। মুখ্যসচিব হিসাবে মেয়াদ শেষ হলেও প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মনোজ পন্থের। তিনি এবার কাজ করবেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসাবে। মুখ্যসচিবের সম পদমর্যাদাতেই কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।
