বিবিপি নিউজ: কাল শনিবার (২৮ ফেব্রুয়ারি ) রাজ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষে কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ করবে কমিশন। তালিকায় নাম রয়েছে কি নেই তা কীভাবে দেখা যাবে? খসড়া তালিকার মতো অনলাইন এবং অফলাইন- এই দু'ভাবেই দেখা যাবে ভোটার তালিকা। আপনি বাড়িতে বসেই নিজের নাম নিজে দেখে নিতে পারবেন নির্বাচন কমিশনের নির্দিষ্ট দুই ওয়েবসাইটের মাধ্যমে।
তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, এছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসিআই নেট অ্যাপে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে।
প্রকাশিত খসড়া তালিকায় যদি ইতিমধ্যে ভোটার নিজের নাম যাচাই করে থাকেন এবং সেখানে কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম থাকবে চূড়ান্ত ভোটার তালিকায়। যদি নাম না থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম বাতিল থাকলে ‘ডিলিটেড’লেখা থাকবে। এছাড়া, বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে।
অফলাইন মাধ্যমে কেউ ভোটার তালিকা দেখতে চাইলে যেতে হবে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) কাছে। রাজ্যের সব বিএলও-কে ভোটার তালিকার ‘হার্ড কপি’ দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলও-র কাছে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। এ ছাড়া, রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তালিকার ‘সফ্ট কপি’ তুলে দেওয়া হবে সিইও দপ্তর থেকে।
