বিবিপি নিউজ: হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানি তেলের সঙ্কট। এই পরিস্থিতিতে হরমুজ়ের পশ্চিম প্রান্তে, পারস্য উপসাগরে আটকে থাকা ২২টি ভারতীয় জাহাজ নির্বিঘ্নে ভারতে আসার জন্য ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত।
পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝের সঙ্কীর্ণ প্রণালী হরমুজ় পেরিয়ে ইতিমধ্যে দু’টি জাহাজ রওনা দিয়েছে ভারতের উদ্দেশে। শিবালিক এবং নন্দাদেবী নামে ওই দু’টি জাহাজ বোঝাই করে নিয়ে আসা হচ্ছে এলপিজি। ওই দুই জাহাজের পর এ বার বাকি জাহাজগুলিকেও নির্বিঘ্নে ভারতীয় বন্দরে নিয়ে আসতে চাইছে নিউ দিল্লি। শনিবার বিকেলে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়, হরমুজ়ের পশ্চিম প্রান্তে এখনও ২২টি জাহাজ আটকে রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেখানে বলেন, “আমাদের বেশ কিছু জাহাজ প্রণালীতে আটকে রয়েছে। দু’টি জাহাজ ইতিমধ্যে ভারতের দিকে রওনা দিয়েছে। এখন সেখানে ২২টি জাহাজ রয়েছে। ওখানে যে সরকার রয়েছে, তাদের সঙ্গে আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব। যাতে ওই জাহাজগুলি নিরাপদে পার হতে পারে।”
