Nandigram: নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী ফড়িং, শরীরে একাধিক ক্ষত - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

Nandigram: নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী ফড়িং, শরীরে একাধিক ক্ষত

 



বিবিপি নিউজ,পূর্ব মেদিনীপুর: ভোটবঙ্গে রায়দিঘির পর আরও এক খুনের অভিযোগ। এবার ঘটনাস্থল নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির দিকে। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম শক্তিপদ দাস (৬৫) ওরফে ফড়িং। তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের শ্রীপুর গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছিলেন ফড়িং। কিন্তু সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে অদূরে তাঁকে প্রায় সংজ্ঞহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরে একাধিক ক্ষত ছিল বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা বিজেপির দিকে আঙুল তুলেছে। পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় তৃণমূলের মিছিলে না যাওয়ার হুমকি দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ফড়িং যাতে পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার সময়ে তাঁর পাশে না থাকেন, সেই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সে সময়ে বিরোধিতা করেছিলেন ফড়িং। উল্লেখ্য, এদিনই সকালে মনোনয়ন জমা দেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। সেখানেই যাচ্ছিলেন ফড়িং। সেই আক্রোশ থেকেই বৃহস্পতিবার সকালে তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ।

Pages