SIR Tribunal: সরে যেতে চান প্রাক্তন বিচারপতিরা! ট্রাইব্যুনালের কাজ নিয়ে অস্বস্তিতে নির্বাচন কমিশন - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

SIR Tribunal: সরে যেতে চান প্রাক্তন বিচারপতিরা! ট্রাইব্যুনালের কাজ নিয়ে অস্বস্তিতে নির্বাচন কমিশন

 




বিবিপি নিউজ,কলকাতা: দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে জানানোর পরও শুরু করা যাচ্ছে না স্পেশাল ইনটেনসিভ রিভিশন তথা SIR-এ বিচারাধীন ট্রাইব্যুনালের কাজ। বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায় যে বুধবার ট্রেনিং শেষ করে, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু করা হবে। বুধবার বিকেল ৫টা থেকে সেই ট্রাইব্যুনাল নিয়ে বৈঠকও ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। তবে সেই বৈঠক ভেস্তে গেল।


আগেই ১৯ জন প্রাক্তন বিচারপতি ও প্রাক্তন বিচারকদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে । কোথায় বসে তাঁরা কাজ করবেন, সেই জায়গা নির্ধারণের কাজও শেষ হয়েছে। জোকার সরকারি ভবনে ট্রাইব্যুনালের বসার কথা। বিচারাধীন তালিকায় থাকা যে সব ভোটারের নাম বাদ যাবে, তাঁরা চাইলে ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। তাঁদের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। অনলাইনে ও অফলাইনে- দুভাবেই আবেদন জানানো যাবে।

বুধবারের বৈঠক ভেস্তে যাওয়ায় আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না ট্রাইবুনালের কাজ। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাধিক প্রশ্নের জবাবে এদিন নিরুত্তর থেকেছে কমিশন। ট্রাইব্যুনালের সদস্যদের একাংশ কার্যত অসন্তোষ প্রকাশ করায় বৈঠক মুলতুবি হয়ে যায়। আবার কবে বৈঠক বসবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তীব্র বিরক্তিতে কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইবুনাল থেকে সরে যেতে চেয়েছেন বলেও সূত্রের খবর।


Pages