বিবিপি নিউজ,মাসুদূর রহমান: বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ। রাজ্যের ১৬ টি জেলার ১৫২ টি আসনে ভোটগ্রহণ। প্রথম দফায় প্রায় ৩ কোটি ৬১ লক্ষ ভোটার ভোট দেবেন। মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে প্রথম দফার ভোটগ্রহণ হবে।প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন।
রাতভর কমিশনের দপ্তরেই থাকবেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। উপস্থিত থাকবেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্র। ১৫২ কেন্দ্রের পর্যবেক্ষকদের সজাগ থাকার নির্দেশ কমিশনের। কমিশন জানিয়েছে, প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে।
মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট, ৫৯ হাজার ৭৭৭টি ব্যালট ইউনিট এবং ৫৯ হাজার ৯৮০টি কন্ট্রোল ইউনিট ব্যবহৃত হবে প্রথম দফায়।১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ১৬৭ জন। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন কোচবিহার দক্ষিণ, করণদিঘি এবং ইটাহারে। এই কেন্দ্রগুলিতে ১৫ জন করে প্রার্থী লড়ছেন। সবচেয়ে কম প্রার্থী রয়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। সেখানে লড়ছেন মাত্র পাঁচ জন প্রার্থী।
প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তবে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কমিশন। এক, মুর্শিদাবাদ পুলিশ জেলা। দুই, জঙ্গিপুর পুলিশ জেলা। দুই মিলিয়ে মুর্শিদাবাদে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে ৩১৬ কোম্পানি। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে। সবচেয়ে কম কেন্দ্রীয় বাহিনী থাকবে কালিম্পঙে, ২১ কোম্পানি। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মিলে প্রায় ৫ লক্ষ কর্মী প্রথম দফার ভোটের কাজে নিযুক্ত হয়েছেন। ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয়ে যাবে মকপোল। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৬টায়।

