বিবিপি নিউজ: দীর্ঘদিনের আর্থিক সংকট ও ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিজেদের ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়ার ঘোষণা করলেন আমেরিকার জনপ্রিয় বাজেট এয়ারলাইনস স্পিরিট। শনিবার প্রতিষ্ঠানটি অফিসিয়ালি তাদের ব্যবসা বন্ধের কথা ঘোষণা করেছেন। ৩৪ বছরের যাত্রার ইতি টানলেন।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল থেকেই তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তাঁদের বিকল্প অন্য কোনো এয়ারলাইনসে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে দুবার দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে ব্যবসা পুনর্গঠনের চেষ্টা চালিয়েছিল স্পিরিট। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির সব চেষ্টা ব্যর্থ হয়। ফ্লোরিডাভিত্তিক এই এয়ারলাইনসকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৫০ কোটি ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ঋণের শর্ত ও কোম্পানি পুনর্গঠন নিয়ে পাওনাদারদের সঙ্গে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বিলুপ্তির পথে হাঁটল। কম খরচে আকাশপথের ভ্রমণের পথিকৃৎ হিসেবে পরিচিত এ এয়ারলাইনস ১৯৮৩ সালে যাত্রা শুরু করেছিল।

