বিবিপি নিউজ: শুক্রবার সকাল ১০টা ২৫ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে এসেছিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী সুজিত বসু। দীর্ঘ ৯ ঘন্টা পর সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ ইডি দফতর থেকে বের হলেন। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘আমি সাক্ষী হিসাবে এসেছিলাম।’’ তবে তিনি এ-ও জানান, তদন্তে সহযোগিতার জন্য তাঁকে ডাকা হলে অবশ্যই আসবেন। ইডির উদ্দেশে তাঁর বার্তা, ‘‘কখনও যেন হেনস্থার জন্য ডাকা না-হয়।’’ শেষে সুজিতের বক্তব্য, ‘‘ব্যবসা করা কখনও কোনও অপরাধ নয়। চুরি করাটা অপরাধ।’’কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো শুক্রবার সকালে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত। পুরনিয়োগ দুর্নীতি মামলাতে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সুজিত বলেন, ‘‘সকলেই জানেন যে বিষয়ে আমাকে ডাকা হয়েছিল, সেই মামলায় সিবিআই ইতিমধ্যে চার্জশিট দিয়ে দিয়েছে। সেখানে কোথাও আমার নাম নেই।’’
