বিবিপি নিউজ: এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ৩২০২ টাকা। যুদ্ধ পরিস্থিতিতে মধ্য এশিয়ার সঙ্কটের আবহে বড়সড় ধাক্কা এল বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে। জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতারই চূড়ান্ত রূপ হিসেবে মে মাসের শুরুতেই এই বিপুল বৃদ্ধি কার্যকর হল। বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং এবং রাস্তার খাবারের ব্যবসার উপর। কারণ, এই ক্ষেত্রগুলিতে বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে পারেন, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে।
