বিবিপি নিউজ: কাল সোমবার মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন। জানা গেছে ওই বৈঠকে ডাক পেয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। প্রথমে এই বৈঠক শনিবার হওয়ার কথা থাকলেও, পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচির কথা মাথায় রেখেই বৈঠকের দিনবদল করা হয়। মাত্র চার কর্মচারী সংগঠনকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল অন্য সংগঠনগুলি। পরে কো-অর্ডিনেশন কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে যোগদানের ইচ্ছেপ্রকাশ করা হয়। তবে নবান্ন সূত্রে খবর, কো-অর্ডিনেশন কমিটিকে শেষ পর্যন্ত বৈঠকে ডাকা হচ্ছে না। তবে সোমবার সন্ধ্যায় কো-অর্ডিনেশন কমিটির তরফে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে তাঁরা ডিএ সংক্রান্ত দাবিদাওয়ার কথা সংবাদমাধ্যম মারফত মুখ্যমন্ত্রীকে জানাবেন, এমনটাই জানিয়েছেন কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী।
