বিবিপি নিউজ: দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট হয়েছে রাজ্যে। তবে এখনও গণনা হয়নি। তারই মধ্যে হুমকি বিজেপি কর্মীদের । কে বা কারা বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে সাদা থান কাপড় রেখে গেল! ফলে বাংলায় ফিরে এল ফের সাদা থান পাঠানোর স্মৃতি!
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। বিজেপি কর্মী কঙ্কন বৈদ্যর বাড়িতে এই সাদা থান পাঠানো হয়েছে বলে অভিযোগ। তিনি এবার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিতলার ২৪৩ নম্বর বুথের বিজেপির নির্বাচনী এজেন্ট ছিলেন বলে খবর। তৃণমূল কংগ্রেস গণনার আগে কর্মীদের ভয় দেখাতে এই থান পাঠিয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। জানা গিয়েছে, আজ, শনিবার ওই বিজেপি কর্মীর মা বাইরে বেরিয়ে একটি প্যাকেট রাখা রয়েছে দেখতে পান। দেখা যায়, প্যাকেটের মধ্যে সাদা থান রাখা রয়েছে। সেই ঘটনা দেখেই চাঞ্চল্য, আতঙ্ক ছড়ায় এলাকায়।
