বিবিপি নিউজ: ভিসা জটিলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বনির্ধারিত একটি পারিবারিক সফর বাতিল করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যমের এই খবর প্রকাশ্যে আসে।
ইসরায়েলি দৈনিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে বায়োমেট্রিক আঙুলের ছাপ দিতে বেন-গভিরকে সশরীর দূতাবাসে উপস্থিত হতে হবে বলে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য বেন-গভির প্রায়ই সংবাদ শিরোনামে আসেন। তাঁর এসব কর্মকাণ্ড ব্যাপক সমালোচনা ও আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে। মার্কিন দূতাবাসের এ শর্তকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো ভিন্নভাবে দেখছে। তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, বেন-গভিরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের অনীহা বা অনিচ্ছার কারণেই এমন শর্ত দেওয়া হয়েছে।
